দেশজুড়ে

ট্রলারে অগ্নিকাণ্ড, না ফেরার দেশে তামিম

চট্টগ্রামের সদরঘাটে কর্ণফুলী নদীতে মাছ ধরার ট্রলারে আগুনে দগ্ধ হওয়া ইঞ্জিনিয়ার আশিকুজ্জামান তামিম মারা গেছেন। গতকাল শনিবার (৪ জুলাই) রাতে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তামিমের বাড়ি সন্দ্বীপ উপজেলায়। আজ রবিবার (৫ জুলাই) বিকেলে গ্রামের বাড়িতে জানাজার পর তাকে দাফন করার কথা রয়েছে। এতে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৩ জনে দাঁড়িয়েছে। এর আগে মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যায় ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যাওয়ার পথে ইঞ্জিন বিভাগের গ্রিজার মো. রুবেল (৩২) ও শাহ আলম (৪০) মারা যান।
অগ্নিকাণ্ডের সময় ট্রলারটির পাশে নোঙর করা এফভি ডিজনি জাহাজের নাবিক নিজাম উদ্দিন, মো. রাসেল ও সিদ্দিক আহমেদ দগ্ধ হন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসা শেষে ছাড়া পেয়েছেন। জাহাজটির ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ জানান, গত মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১টা ১৫ মিনিটের দিকে মাছ ধরার ট্রলার ‘এফভি দেশ’-এর ইঞ্জিন রুমে হঠাৎ একটি বিকট বিস্ফোরণের পর এই হতাহতের ঘটনা ঘটে।