টেকেরহাটে বাঁশবোঝাই ট্রাক উল্টে চালক নিহত
মাদারীপুরের রাজৈরে ট্রাক উল্টে পিষ্ট হয়ে এক চালক নিহত হয়েছেন। গতকাল রবিবার (২১ জুন) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের টেকেরহাট বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক চালক আবুল হোসেন মণ্ডল (৫০) নওগা জেলার সফর এলাকার জাফির উদ্দিন মণ্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বরিশালগামী বাঁশবোঝাই একটি ট্রাক টেকেরহাটে পৌঁছালে সেটির টায়ার ফেটে যায়। তখন চালক আবুল হোসেন টায়ারটি খোলার চেষ্টা করলে ট্রাকটি উল্টে যায়। ফলে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। মুস্তাফাপুর হাইওয়ে থানার এসআই মতিউর রহমান ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

