রাজনীতি

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত। তিনি বলেন, জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। আজ রবিবার (১৯ জুলাই) সকালে ঢাকার রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় সম্পাদক পরিষদ আয়োজিত জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, এই বিতর্কের সমাধান আলোচনার মাধ্যমে করতে হবে। তিনি বিরোধী দলকে সংবিধান সংশোধনী কমিটিতে আসারও আহ্বান জানান। মন্ত্রী বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে নতুন রাষ্ট্র গঠনের যে সুযোগ তৈরি হয়েছে, তা বাস্তবায়ন করতে হবে। আমাদের আত্মবিশ্বাস ও আস্থা আছে যে আমরা ন্যায় ও নিরপেক্ষতার একটি রাষ্ট্র গঠন করতে সক্ষম হব। সরকার বিএনপির দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের চেষ্টা করছে।
তিনি আরও বলেন, অনেক আন্দোলন হয়েছে। এবার সংসদে আলোচনার মাধ্যমে পরবর্তী প্রজন্মের জন্য এমন একটি ব্যবস্থা চালু করা প্রয়োজন, যাতে তাদের আর সহিংসতার পথে হাঁটতে না হয়। তিনি বিরোধী দলকে সবকিছুর বিরোধিতা করার মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান। গণমাধ্যমসহ বিভিন্ন প্রতিষ্ঠানে তোষামোদ প্রচলিত রয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এই অবস্থা থেকে বেরিয়ে আসতে একটি বড় বিপ্লব প্রয়োজন। এত অল্প সময়ে ১৬ বছরের অপকর্ম থেকে জাতিকে শুদ্ধ করা সম্ভব নয়।