দেশজুড়ে

‘জুলাই আসতেই আওয়ামী লীগ পাগল হয়ে গেছে’

নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া জুলাই যোদ্ধাদের মারধরের জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার পর নড়াইল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সম্পাদক আমিরুল ইসলাম মন্তব্য করেছেন যে, জুলাই আসতেই আওয়ামী লীগ পাগল হয়ে গেছে।
গতকাল সোমবার (৬ জুলাই) রাত প্রায় সাড়ে ১০টায় আমিরুল এই ঘটনায় ১১ জনকে অভিযুক্ত করে নড়াইল সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের বিষয়টি নিশ্চিত করে নড়াইল সদর থানার ওসি অজয় কুমার কুন্ডু বলেন, অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আসামিরা হলেন- বঙ্গবন্ধু জাতীয় পরিষদ, নড়াইলের সিনিয়র সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান নয়ন (৩৮), সহ-সভাপতি সৌরভ কর্মকার (২৬), লোহাগড়া উপজেলার কুন্দসী গ্রামের সজিবুল ইসলাম হৃদয় (২৬), একই এলাকার শাহাদাত হোসেন রায়হান (২৫), ইমন শিকদার (২৫), ছরব গ্রামের ইমন সিকদার (২৫)। লোহাগড়া, চাচোয়াই গ্রামের সাইফুল জমাদ্দারের ছেলে মোঃ মিলন সিকদার (২৯), লোহাগড়া উপজেলার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মল্লিকপুর গ্রামের মোঃ ইসরাফিল (২৫), কাশিপুর উপজেলার কামেশ্বরপুর গ্রামের মোঃ সজিব চৌধুরী (২৬) কাশিপুর, লোহাগড়া উপজেলার কালামপুর গ্রামের মো. মোঃ আব্দুল্লাহ আল জাবের লোটাস (৪০) মহসিন বিশ্বাসের ছেলে মো নড়াইল পৌরসভার নড়াইল গ্রামের এবং সদর উপজেলার চণ্ডীবরপুর ইউনিয়নের শিবানন্দপুর গ্রামের আজগর শেখের ছেলে মো. জুবায়ের শেখ (২০)।
অভিযোগকারী আমিরুল ইসলাম উল্লেখ করেছেন যে, অভিযুক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন উস্কানিমূলক লেখা, বিভিন্ন ভুয়া ভিডিও পোস্ট এবং আমাকেসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের হত্যা করতে পারলে ৫০,০০০, ১ লাখ, ২ লাখ, ৫ লাখ টাকা ইত্যাদি আর্থিক পুরস্কারের ঘোষণা দিচ্ছে। যা আমাদের জীবনের জন্য হুমকি।
এ প্রসঙ্গে নড়াইল জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সম্পাদক আমিরুল ইসলাম বলেন, জুলাই মাস থেকে আওয়ামী লীগ পাগল হয়ে গেছে। তারা বিদেশে বা বিভিন্ন অজ্ঞাত স্থানে পালিয়ে থেকে এমন হুমকি দিচ্ছে। তাদের আইনের আওতায় আনা জরুরি। আমরা আইনের আওতায় এসেছি। আমরা প্রতিকার চাই, কিন্তু প্রতিকার না পেলে পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুত।
এ প্রসঙ্গে অভিযুক্তদের একজন আব্দুল্লাহ আল জাবের বলেন, আমি অভিযোগকারীকে চিনি না। আমার সঙ্গে যাদের অভিযুক্ত করা হয়েছে, তাদেরও আমি চিনি না। আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো ভিত্তিহীন ও হয়রানিমূলক।