বিবিধ

জামালপুরে পৃথক বজ্রপাতে দুজনের মৃত্যু

জামালপুরের ইসলামপুর উপজেলায় পৃথক বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন মো. শামীম মিয়া (৩৭) ও সাগর ইসলাম (১৮)। গতকাল বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার গাইবান্ধা ও সপাধারী ইউনিয়নে এই দুটি মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শামীম মিয়া গাইবান্ধা ইউনিয়নের মারাকান্দি উত্তর বাড়ি গ্রামের সদস্য মোহাম্মদ আলীর ছেলে। অপর নিহত সাগর ইসলাম দেওয়ানগঞ্জ উপজেলার চিনিয়াপাড়া এলাকার মো. স্বাধিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শামীম মিয়া গতকাল ভোর ৬টার দিকে নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। সে সময় বৃষ্টির সাথে হঠাৎ বজ্রপাত শুরু হলে তিনি বজ্রপাতে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। অন্যদিকে, সকাল ৯টার দিকে উপজেলার ৪ নম্বর সপধারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইন্দুল্লামারি এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে একটি পাকা রাস্তা নির্মাণের সময় বজ্রপাতে নিহত হয়েছেন সাগর ইসলাম। সেখানে একসঙ্গে ১০ থেকে ১২ জন শ্রমিক কাজ করছিলেন।
বৃষ্টি শুরু হলে শ্রমিকরা কাজ থামিয়ে নিরাপদ স্থানে চলে যান। তখন অন্যরা এগিয়ে গেলেও সাগর ইসলাম কিছুটা পিছিয়ে পড়েন। ঠিক তখনই হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। তার সহকর্মীরা দ্রুত তাকে বাঁচানোর চেষ্টা করলেও বাঁচানো সম্ভব হয়নি।
দুপুর ১২টার দিকে সপধারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহ আলম মণ্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, বৃষ্টির সময় রাস্তার কাজ থেকে সরে যাওয়ার মুহূর্তে বজ্রপাতের শিকার হন তিনি। এতে দেওয়ানগঞ্জের সাগর ইসলাম নামের এক শ্রমিক নিহত হয়েছেন। ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম গাজী জানান, বজ্রপাতে দুজনের মৃত্যুর খবর পেয়েছে পুলিশ। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।