দেশজুড়ে

জামালপুরে গলায় লিচু আটকে শিশুর মৃত্যু

জামালপুরের সরিষাবাড়িতে গলায় লিচু আটকে ইয়াসিন মিয়া (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার (১১ মে) সন্ধ্যায় উপজেলার ডয়েল ইউনিয়নের হাটবাড়ি এলাকায়। শিশু ইয়াসিন গ্রামের মুদি দোকানদার শাহিন মিয়ার ছেলে।
পরিবারের সদস্যরা জানান, শিশুটির বাবা শাহিন মিয়া স্থানীয় বাজার থেকে লিচু কিনে বাড়িতে আনেন। লিচু খাওয়ার সময় অসাবধানতাবশত লিচুটি ইয়াসিনের গলায় আটকে যায়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবাশিস রাজবংশী জানান, শিশুটির পরিবার তাকে সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালে নিয়ে আসে, কিন্তু তার আগেই শিশুটির মৃত্যু হয়।