দেশজুড়ে

ছাত্রীদের গোপনে ছবি তোলার অভিযোগে যুবক গ্রেপ্তার

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকু) শিক্ষার্থীরা ছাত্রীদের গোপনে ছবি তোলার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশের হাতে তুলে দিয়েছে। এ সময় তার কাছ থেকে মাদকও উদ্ধার করা হয়। ঘটনাটি আজ সোমবার (১১ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড়ে ঘটে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আবু খারিয়া তোফায়েল। তিনি নেত্রকোনা জেলার বাসিন্দা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের খাদ্য প্রকৌশল বিভাগের এক ছাত্রীর সন্দেহজনকভাবে মোবাইল ফোনে ছবি তোলার সময় তাকে হাতে-নাতে ধরা হয়। পরে শিক্ষার্থীরা তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয়ে নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়ার পর তিনি নিজের মোবাইল ফোন ভেঙে প্রমাণ নষ্ট করার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। এ সময় তার কাছ থেকে মাদকও উদ্ধার করা হয়। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনার ভুক্তভোগী ছাত্রীটি জানান, জিমনেসিয়াম থেকে খেলা দেখে ফেরার পথে তার এক ভাই আমাদের জানান যে, লোকটি সম্ভবত ছবি তুলছিল। পরে আমরা তার ফোন দেখতে চাইলে, সেটিতে আমারসহ একই জায়গায় তোলা বিভিন্ন মেয়ের একাধিক ছবি দেখতে পাই। এরপর তাকে গ্রেপ্তার করে প্রক্টরের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্পের এসআই মো. রহমত উল্লাহ বলেন, “আমরা তাকে গ্রেপ্তার করেছি। তাকে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়ার পর মামলার প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এর জন্য একজন বাদীর প্রয়োজন হবে। মামলা দায়ের হলে পরবর্তী আইনি ব্যবস্থা আদালতের মাধ্যমে নেওয়া হবে।” বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর, অধ্যাপক ড. কাজী ফরহাদ কাদির বলেন, “আমরা শিক্ষার্থীদের মাধ্যমে জানতে পারি যে, ওই ব্যক্তি গোপনে মেয়েদের ছবি তুলছিল। পরে শিক্ষার্থীরা তাকে গ্রেপ্তার করে প্রক্টরের কার্যালয়ে নিয়ে আসে। এখানে এসে সে মোবাইল ফোনটি ভেঙে প্রমাণ নষ্ট করার চেষ্টা করে। তার কাছ থেকে মাদকও পাওয়া যায়। মোবাইল ফোনটি ভাঙা থাকায় আমরা প্রমাণ যাচাই করতে পারিনি। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।”