দেশজুড়ে

চাঁদপুরে মাদকবিরোধী অভিযানের নামে হামলায় প্রবাসীর মৃত্যু

চাঁদপুর সদরে মাদকবিরোধী অভিযান চলাকালে হামলায় বিদেশ থেকে ফেরা এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি এলাকায়। নিহত শাহজাহান পাটোয়ারী মান্দারি গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, মান্দারি এলাকায় কিছু স্থানীয় যুবক মাদকবিরোধী অভিযান চালাচ্ছিল। সে সময় শাহজাহান পাটোয়ারী তাদের ছোটাছুটি করতে দেখে কারণ জানতে ডাকেন। এতে ক্ষিপ্ত হয়ে অভিযানে জড়িত যুবকরা তাকে লক্ষ্য করে ইট-পাথর ছুঁড়ে মারে, এতে তিনি গুরুতর আহত হন। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শাহজাহানকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর স্থানীয়রা মহামায়া এলাকায় সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যায়। এছাড়াও, এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।