আমাদের চট্টগ্রাম

চট্টগ্রামে ব্যবসায়ীকে হত্যাচেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ, সংবাদ সম্মেলনে দ্রুত বিচার দাবি

চট্টগ্রাম নগরীর নাসিরাবাদ হাউজিং সোসাইটি এলাকায় ব্যবসায়ী মো. শাহ আলম চৌধুরীর ওপর ডাক্তার তৈয়ব সিকদার কর্তৃক হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা দায়েরের পরও আসামিদের গ্রেপ্তার না করা এবং অভিযুক্তদের পক্ষ থেকে অব্যাহত হুমকি দেওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাহ আলম চৌধুরী বলেন, গত ২৫ মে সন্ধ্যায় নাসিরাবাদ হাউজিং সোসাইটি কেন্দ্রীয় মসজিদে নামাজ আদায় শেষে গাড়িযোগে বাসায় ফেরার পথে পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়।

হাউজিং সোসাইটির ইলিজি টাওয়ার সংলগ্ন এলাকায় পৌঁছালে ডাক্তার তৈয়ব সিকদার কর্তৃক রাস্তার ওপর টানানো একটি রশি তার গলায় পেঁচিয়ে যায়। এতে তিনি গাড়ি থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। তিনি দাবি করেন, হামলার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর থানায় মামলা দায়ের করা হলেও এখন পর্যন্ত আসামি ডাক্তার তৈয়ব সিকদারকে গ্রেপ্তার করা হয়নি। উল্টো অভিযুক্তদের পক্ষ থেকে মামলা প্রত্যাহার ও আপসের জন্য বিভিন্নভাবে চাপ ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।


ভুক্তভোগী আরও অভিযোগ করেন, ঘটনার পর অভিযুক্তদের কয়েকজন ঘটনাস্থলে এসে তাকে ভয়ভীতি প্রদর্শন করেন। এক পর্যায়ে তাকে উদ্দেশ্য করে ‘মরে গেলে লাশ ফেলে দেওয়া হতো’ বলেও হুমকি দেওয়া হয় বলে তিনি দাবি করেন।
এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত, দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজকর্মী ও এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানান।

সূত্র: ২৪ টিভি