বিবিধ

গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত, ৬ জন আহত

গাইবান্ধার সাদুল্লাপুর ও গোবিন্দগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক ট্রাক চালক নিহত ও ছয়জন আহত হয়েছেন। গতকাল শনিবার (৬ জুন) ভোর সাড়ে ৩টার দিকে সাদুল্লাপুর উপজেলার একাবরপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে ট্রাকের ধাক্কায় চালক নিহত হন।
অন্যদিকে, আজ রবিবার (৭ জুন) ভোর সাড়ে ৪টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার পান্থপাড়া এলাকায় একই মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। আজ বিকেলে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ট্রাকচালক রফিক মিয়া (৪০) টাঙ্গাইলের কালিহাটি উপজেলার কালিপাইন গ্রামের প্রয়াত ওয়াজেদ সদস্যের ছেলে।
পুলিশ জানায়, ট্রাক দুটি রংপুরের দিকে যাচ্ছিল। একাবরপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা দ্রুতগতির ট্রাকটি সামনের ট্রাককে ধাক্কা দেয়। ধাক্কা খাওয়া ট্রাকটির সামনের অংশ দুমড়ে যায় এবং চালক রফিক মিয়া ঘটনাস্থলেই নিহত হন। ওসি মোজাফফর হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্ঘটনার সময় চালক ঘুমিয়ে পড়েছিলেন। ফলে সামনের ট্রাকটি পেছন থেকে ট্রাকটিকে ধাক্কা দেয়।
এদিকে, গোবিন্দগঞ্জের পান্থপাড়া এলাকায় দুটি যাত্রীবাহী বাস ও একটি মালবাহী ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শাহ আলী পরিবহনের রংপুরগামী একটি যাত্রীবাহী বাস পশুখাদ্যবাহী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এর কিছুক্ষণ পরেই ঢাকাগামী আরেকটি বাস দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে ধাক্কা দেয়। বাসটির দুই পাশই ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্য দুটি যানবাহনও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। তবে, তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। ওসি মোজাফফর হোসেন জানান, পান্থাপাড়ায় ত্রিমুখী সংঘর্ষে কেউ নিহত হননি। দুর্ঘটনার কারণে কিছুক্ষণের জন্য যানজট সৃষ্টি হলেও দ্রুত ব্যবস্থা নেওয়ায় যান চলাচল স্বাভাবিক হয়।