জাতীয়

চট্টগ্রামে জলাবদ্ধতা ও নগরবাসীর দুর্ভোগে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী

বর্ষাকালে চট্টগ্রামে জলাবদ্ধতার কারণে নগরবাসীর দুর্ভোগে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার (২৯ এপ্রিল) ১৩তম জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিনে চট্টগ্রাম-১০ আসনের সাংসদ সাঈদ আল নোমানের এক প্রশ্নের জবাবে তিনি এই দুঃখ প্রকাশ করেন।
সে সময় সরকারপ্রধান বলেন, চট্টগ্রাম শহরের একটি বড় অংশ এখন জলমগ্ন, মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। আমি ইতোমধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের সঙ্গে কথা বলেছি। তিনি সমস্যা সমাধানের চেষ্টা করছেন। কিন্তু এখন এটি একটি বিশাল জলাবদ্ধতায় পরিণত হয়েছে, স্বাভাবিকভাবেই এর সমাধানে কিছুটা সময় লাগবে। চট্টগ্রামের জনগণকে উদ্দেশ্য করে তারেক রহমান বলেন, আমার অবস্থান থেকে আমি চট্টগ্রাম শহরের সকল নাগরিকের এই দুর্ভোগের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা যত দ্রুত সম্ভব মানুষকে এই সমস্যা থেকে বের করে আনার চেষ্টা করছি।
জলাবদ্ধতার জন্য জনসচেতনতার অভাবকে দায়ী করে বিএনপি চেয়ারম্যান নগরবাসীকে এই সমস্যা সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বিভিন্ন নর্দমা ও খালে প্লাস্টিকের বোতল, পলিথিন ও অন্যান্য বর্জ্য ফেলার কারণে পানির প্রবাহ বন্ধ হয়ে যাচ্ছে। সরকারি পরিচ্ছন্নতা অভিযানের কয়েকদিন পরেই আবার আবর্জনা ফেলে সেগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। সকল সংসদ সদস্যের কাছে আমার বিনীত অনুরোধ – আসুন আমরা জনসচেতনতা বৃদ্ধি করি। প্লাস্টিক বা পলিথিন কীভাবে ফেলতে হয়, তা আমাদের জনগণকে শেখাতে হবে। এটা আমাদের নৈতিক দায়িত্ব।