ঘন ঘন লোডশেডিং: আজ বিটিআরসি দপ্তরে জরুরি বৈঠক
চলমান জ্বালানি সংকটের মধ্যে দেশের টেলিযোগাযোগ পরিষেবা সচল রাখতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশন (বিটিআরসি) জরুরি কার্যক্রম শুরু করেছে। নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক পরিষেবা নিশ্চিত করতে জ্বালানি সরবরাহ ও বিদ্যুৎ ব্যবস্থাপনায় সমন্বিত পদক্ষেপ নিতে সংস্থাটি আজ বুধবার (২২ এপ্রিল) একটি যৌথ বৈঠক ডেকেছে।
বর্তমানে, পর্যাপ্ত জ্বালানি তেলের সরবরাহ ঘাটতি এবং ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে টেলিকম টাওয়ার ও নেটওয়ার্ক সার্ভারগুলো অকার্যকর হয়ে পড়ছে। এতে দেশের মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট পরিষেবা ব্যাহত হচ্ছে, যা সরাসরি গ্রাহক পরিষেবার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
মোবাইল নেটওয়ার্ক অপারেটর (এমএনও) এবং টাওয়ার অবকাঠামো ব্যবস্থাপনা কোম্পানিগুলো ইতোমধ্যে এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এমন পরিস্থিতিতে, টেলিযোগাযোগ খাতে জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিটিআরসি সরকারি ও বেসরকারি খাতের সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বিত উদ্যোগ নিয়েছে। যেহেতু বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব বাংলাদেশেও অনুভূত হচ্ছে, তাই মোবাইল নেটওয়ার্ক, ডেটা সেন্টার এবং কোর নেটওয়ার্ক সাইটগুলো সচল রাখতে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
জ্বালানি সরবরাহ নিশ্চিত করার বিষয়ে প্রথম যৌথ সভা আজ দুপুর ২টা ৩০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয়ে অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি), মোবাইল অপারেটর, এনটিটিএন ও টাওয়ার কোম্পানিগুলোর শীর্ষ কর্মকর্তা এবং অ্যামটোবের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।

