বিবিধ

গোপালগঞ্জে বাস দুর্ঘটনায় ভ্যান চালক নিহত, ৬ জন আহত

গোপালগঞ্জে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় এক ভ্যান চালক নিহত ও ৬ জন আহত হয়েছেন। দুর্ঘটনাটি আজ সোমবার (৪ মে) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় ঘটে। নিহতের নাম ঝন্টু মোল্যা (৪৫)।
তিনি গোপীনাথপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের বাসিন্দা এবং আকুব্বার মোল্যার ছেলে। পুলিশ জানায়, ঢাকা থেকে খুলনাগামী ফাল্গুনী পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছে একটি ব্যাটারিচালিত ইজি বাইক ও একটি ভ্যানকে ধাক্কা দেয়। ভ্যান চালক ঝন্টু মোল্যা ঘটনাস্থলেই মারা যান। ইজি বাইকে থাকা ছয়জন যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ওসি রোকনুজ্জামান জানান, ঘটনার পর প্রাণঘাতী বাসটি জব্দ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। খবর পেয়ে গোপালগঞ্জ জেলা পরিষদ প্রশাসক শরীফ রফিকুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং হতাহতের বিষয়ে খোঁজখবর নেন।