দেশজুড়ে

গুলিস্তানের আলু বাজারে সেলুনে এসি বিস্ফোরণে ১০ জন দগ্ধ

রাজধানীর গুলিস্তানের আলু বাজার এলাকার একটি সেলুনে এসি বিস্ফোরণে কারিগর ও গ্রাহকসহ ১০ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে নয়জন জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন। গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) রাতে ওই এলাকার ‘আরমান হেয়ার কাটিং’ নামের একটি সেলুনে এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধ গ্রাহকরা হলেন মো. ফারুক (৩৫), রিঙ্কু (৩০), রনি (৩৬), জসিম (৪০), রফিক (২৫)। এছাড়া কারিগর শামশেদ (৩০), রাজু (৩৪), পাপ্পু (২৬), শাকিব (১৭) এবং আরমান (৩৭) এই ঘটনায় দগ্ধ হন। জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক শল্যচিকিৎসক শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে মো. ফারুকের শরীরের ৫০ শতাংশ, রিঙ্কুর ২১ শতাংশ, রনির ১০ শতাংশ, জসিমের ৮ শতাংশ এবং রফিকের ১২ শতাংশ পুড়ে গেছে।
এছাড়াও, কারিগর শামশেদের ১৫ শতাংশ, রাজুর ১৮ শতাংশ, পাপ্পুর ১৮ শতাংশ, শাকিবের ১ শতাংশ এবং আরমানের ১৫ শতাংশ শরীর পুড়েছে। তিনি আরও জানান, দগ্ধদের মধ্যে শাকিবকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকিদের ভর্তি করে চিকিৎসা চলছে।