গাজায় ইসরায়েলি হামলায় ১৪ জন নিহত
ফিলিস্তিনি ছিটমহল গাজার বিভিন্ন অংশে ইসরায়েলি হামলায় ১৪ জন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার (১৭ জুলাই) মধ্য গাজার নুসাইরাত শরণার্থী শিবিরের আল-বালাতা বাজার এলাকায় একটি জানাজায় হামলায় তাদের মধ্যে আটজন নিহত হন। আজ শনিবার (১৮ জুলাই) আল জাজিরা এই তথ্য জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দিনের শুরুতে পৃথক এক হামলায় নিহত এক ফিলিস্তিনির জানাজার জন্য আল-বালাতা বাজার এলাকার আহমেদ ইয়াসিন মসজিদের বাইরে জড়ো হওয়া মুসল্লিদের লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। এ সময় আটজন নিহত হন। এএফপি জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী এই হামলার কথা নিশ্চিত করেছে।
ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা মধ্য গাজায় একটি সন্ত্রাসী গোষ্ঠীর ওপর হামলা চালিয়েছে। এই হামলায় বেশ কয়েকজন নিরীহ মানুষ আহত হওয়ার অভিযোগ সম্পর্কে ইসরায়েলি সামরিক বাহিনী অবগত আছে। হামলার ফলাফল পর্যালোচনাধীন রয়েছে।

