গাইবান্ধায় ছুরিকাঘাতে কলেজ ছাত্র নিহত
গাইবান্ধায় জমি বিরোধের জেরে প্রতিপক্ষের হাতে ছুরিকাঘাতে নিহত হয়েছেন ফাহমিদ রুমন (১৮) নামের এক কলেজ ছাত্র। এ ঘটনায় নিহতের ভাই ফারদিন রুহিত (২০) আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার (৭ জুন) রাত ৯টার দিকে সদর উপজেলার ত্রিমোহনী এলাকার পেয়ারাপুর গ্রামে।
নিহত ফাহমিদ রুমন গাইবান্ধা সরকারি কলেজের প্রথম বর্ষের অনার্স ছাত্র। রুমন ও রুহিত পেয়ারাপুর গ্রামের প্রয়াত ফারুক ইসলামের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রুমন ও রুহিতের সঙ্গে তাদের বাড়ির জমি নিয়ে প্রতিবেশী চানা মিয়া গংয়ের দীর্ঘদিনের বিরোধ চলছিল।
এ জের ধরে রবিবার রাতে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে বিপক্ষ দল তাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রুমনকে মৃত ঘোষণা করেন।
আহত রুহিত বর্তমানে সেখানে চিকিৎসাধীন। বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম বলেন, জমি বিরোধের জেরে একজন নিহত হয়েছেন। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

