রাজনীতি

ক্ষমতাচ্যুত হাসিনা ফিরলে আইনের কাছে আত্মসমর্পণ করবেন: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি দেশে ফিরতে চান, তবে তাঁকে অবশ্যই বিদ্যমান আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। তাঁর মতে, দেশে তাঁর ফেরার পথে কোনো আইনি বাধা নেই।
গতকাল সোমবার (৬ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ায় সরাইল উপজেলা পরিষদে জাতীয় পল্লী উন্নয়ন দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। রুমিন ফারহানা বলেন, দেশে তাঁর ফেরার পথে কোনো আইনি বাধা নেই।
দেশে ফিরে তিনি আত্মসমর্পণ করবেন, জামিন চাইবেন এবং ফৌজদারি কার্যবিধি (সিআরপিসি) অনুযায়ী বিদ্যমান আইনি প্রক্রিয়া অনুসরণ করবেন। বিরোধী দলের সম্ভাব্য ছায়া মন্ত্রিসভা সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশ্বের অনেক গণতান্ত্রিক দেশেই বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা প্রচলিত আছে। বাংলাদেশেও যদি এমন উদ্যোগ নেওয়া হয়, তবে তা ইতিবাচক হিসেবে দেখা উচিত।
তিনি বলেন, ছায়া মন্ত্রিসভা যদি মন্ত্রণালয়-ভিত্তিক কার্যক্রম পর্যালোচনা করতে পারে এবং সরকারের নীতি ও কর্মকাণ্ডের গঠনমূলক সমালোচনা ও উন্নয়নের জন্য বাস্তবসম্মত পরামর্শ দিতে পারে, তবে তা গণতান্ত্রিক চর্চাকে আরও সমৃদ্ধ করবে। অনুষ্ঠানে ব্যারিস্টার রুমিন ফারহানার সঙ্গে স্থানীয় দলীয় নেতা ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।