জাতীয়

‘ক্রসফায়ারে’ নিহত কাউন্সিলর একরামুল হক, হাসিনা ও আরও ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল

সাবেক যুবলীগের সভাপতি একরামুল হক হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদনটি দাখিল করা হয়েছে। আজ রবিবার (২৬ জুলাই) সকালে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আলোচিত মামলাটির প্রতিবেদন দাখিল করে রাষ্ট্রপক্ষ।
২০১৮ সালে দেশব্যাপী মাদকবিরোধী অভিযান শুরু হলে, একই বছরের ২৬ মে রাতে কক্সবাজারের টেকনাফের মেরিন ড্রাইভ রোডের নোয়াখালীপাড়া এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তিনবারের কাউন্সিলর একরামুল হক নিহত হন। ঘটনার পর তার স্ত্রী আয়েশা বেগম দাবি করেন, একরামুলকে ‘ঠান্ডা মাথায়’ হত্যা করা হয়েছে।
ওই বছরের ৩১ মে কক্সবাজারে এক সংবাদ সম্মেলনে একরামুলের স্ত্রী হত্যাকাণ্ডটির বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান। তিনি কথিত বন্দুকযুদ্ধের সময় একটি সেলফোনে রেকর্ড করা কথোপকথনের কিছু লোমহর্ষক অডিও ক্লিপও গণমাধ্যমকর্মীদের কাছে সরবরাহ করেন। রেকর্ডিংগুলোর একটিতে বন্দুক বের করার শব্দ, এরপর গুলির শব্দ এবং তারপর একজন পুরুষের গোঙানির শব্দ শোনা যায়।