বিবিধ

কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

কুষ্টিয়ার মিরপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক সজীব (২৫) নিহত হয়েছেন। এ ঘটনায় তার সহকারী জিহাদ (১৫) সহ আরও তিনজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (৯ জুন) ভোর ৪টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের মিরপুর উপজেলার নয়মেইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চালক সজীব ও তার সহকারী জিহাদ আম সংগ্রহের জন্য বরিশালের বাবুগঞ্জ থেকে একটি ট্রাক নিয়ে রাজশাহীর দিকে যাচ্ছিলেন। পথে নয়মেইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই একটি ট্রাকের সঙ্গে তাদের ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এই সংঘর্ষে ট্রাকচালক সজীব ঘটনাস্থলেই নিহত হন। এ সময় তার সহকারী জিহাদ, অপর ট্রাকের চালক ও সহকারী আহত হন। আহতদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।
দুর্ঘটনায় দুটি ট্রাকেরই সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। কিছুক্ষণের জন্য মহাসড়কটি বন্ধ থাকলেও প্রায় এক ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। সজীবের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কুষ্টিয়া চৌধুরী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবাইদ নিশ্চিত করেছেন যে, দুর্ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।