জাতীয়

কুয়েতে খাদ্য সহায়তা হস্তান্তর, সম্পর্ক জোরদারের ওপর জোর

কূটনৈতিক সংহতি ও ভ্রাতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে কুয়েতের জনগণের জন্য বাংলাদেশের পাঠানো খাদ্য সহায়তার প্রথম চালান আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। একাধিক ফ্লাইটে বাংলাদেশ থেকে কুয়েতে প্রায় ২৪০ টন জরুরি খাদ্যসামগ্রী পাঠানো হচ্ছে, যা দুই দেশের মধ্যকার ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক ও মানবিক সংহতির প্রতীক হিসেবে দেখা হচ্ছে।
গতকাল রবিবার (২৪ মে), প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত কুয়েতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী শেখ জাররাহ জাবের আল-আহমাদ আল-সাবাহ-এর কাছে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা উপহার হিসেবে পাঠানো খাদ্যসামগ্রী হস্তান্তর করেন।
বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কুয়েতের আমির শেখ মেশাল আল-আহমাদ আল-জাবের আল-সাবাহকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। একই সাথে, তিনি কুয়েতের জনগণের শান্তি, নিরাপত্তা ও কল্যাণ কামনা করে এবং দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে একটি শুভেচ্ছাবার্তা হস্তান্তর করেন।
প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বাংলাদেশ ও কুয়েতের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। এছাড়াও, বেসামরিক বিমান চলাচল, বাণিজ্য, বিনিয়োগ এবং জনশক্তি খাতে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়। কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং বলেন যে এটি বাংলাদেশ-কুয়েত ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের একটি উজ্জ্বল দৃষ্টান্ত।