আন্তর্জাতিক

কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ৭ জন নিহত

রাশিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইউক্রেনের রাজধানী কিয়েভে একটি নতুন বড় ধরনের হামলা চালিয়েছে। এই হামলায় অন্তত সাতজন নিহত এবং আরও ২৪ জন আহত হয়েছেন। হামলাটি আজ সোমবার (৬ জুলাই) ভোরে চালানো হয় বলে সিএনএন জানিয়েছে।
হামলা চলাকালে শহরের বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। বেশ কয়েকটি বহুতল আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিভিন্ন স্থানে আগুন ছড়িয়ে পড়েছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারের জন্য কাজ করছেন। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো বলেছেন, পোডিলস্কি এলাকার একটি ক্ষতিগ্রস্ত ভবনের ওপরের তলা থেকে শিশুসহ বেশ কয়েকজন বাসিন্দাকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
ধারণা করা হচ্ছে, এখনও কিছু মানুষ ভবনটির ভেতরে আটকা পড়ে আছেন। হামলার সময় শহরজুড়ে বিমান হামলার সাইরেন বেজে উঠলে অনেক বাসিন্দা নিরাপদ আশ্রয়ে পালিয়ে যান। এর কয়েক ঘণ্টা আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করেছিলেন যে, রাশিয়া একটি নতুন বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে। এই আশঙ্কার মধ্যেই কিয়েভে প্রাণঘাতী হামলাটি ঘটল।
গত বৃহস্পতিবার (২ জুলাই) কিয়েভে রাশিয়ার এক প্রাণঘাতী হামলায় ৩০ জন নিহত হয়েছেন। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাজধানীতে এটি ছিল তৃতীয় সর্বোচ্চ প্রাণহানির ঘটনা। নতুন এই হামলাটি শহরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।