আন্তর্জাতিক

কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবের ঝুঁকি ‘অত্যন্ত উচ্চ’ পর্যায়ে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গতকাল শুক্রবার (২২ মে) এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, আফ্রিকার দেশ কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবের ঝুঁকি ‘উচ্চ’ থেকে ‘অত্যন্ত উচ্চ’ পর্যায়ে উন্নীত করেছে সংস্থাটি। বিবিসি আজ শনিবার (২৩ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ডব্লিউএইচও মহাপরিচালক বলেন, নতুন মূল্যায়নে দেখা গেছে যে জাতীয় পর্যায়ে সংক্রমণের ঝুঁকি ‘অত্যন্ত উচ্চ’। আঞ্চলিক পর্যায়ে ঝুঁকি ‘উচ্চ’ এবং বৈশ্বিক পর্যায়ে ঝুঁকি ‘নিম্ন’। ভাইরাসটি উগান্ডাতেও ছড়িয়ে পড়েছে। ডব্লিউএইচও-এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৮২ জন ইবোলা সংক্রমণে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এদের মধ্যে সাতজন মারা গেছেন। এছাড়াও, প্রায় ৭৫০ জন সন্দেহভাজন সংক্রমিত এবং ১৭৭ জন সন্দেহভাজন মৃতের ঘটনা ঘটেছে।
ডব্লিউএইচও মহাপরিচালক আরও বলেন, এ বছরের ইবোলা সংক্রমণ ‘বুন্দিবুগিও’ ভাইরাসের কারণে হচ্ছে, যার বিরুদ্ধে এখনও কোনো অনুমোদিত ওষুধ বা টিকা নেই।