অর্থনীতি

ঋণখেলাপীদের সঙ্গে আপোসের কোনো সুযোগ নেই: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ব্যাংক থেকে টাকা নিয়ে পালিয়ে যাওয়া সকলের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং সরকার টাকা উদ্ধারের জন্য একটি পেশাদার পুনরুদ্ধারকারী সংস্থা নিয়োগ করেছে। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, খেলাপীদের সঙ্গে আপোসের কোনো সুযোগ নেই। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সাংসদ হাসনাত আবদুল্লাহর একটি সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।
অধিবেশনে হাসনাত আবদুল্লাহ তার প্রশ্নে বলেন, শুধু এস আলম গ্রুপই ৮০ হাজার কোটি টাকা এবং জনতা ব্যাংকের বেক্সিমকো গ্রুপ ২৫ হাজার কোটি টাকা খেলাপী। এই ঋণ আদায়ের জন্য চলতি অর্থবছরে কি কোনো বিশেষ পরিকল্পনা আছে? এছাড়া, এস আলম গ্রুপকে ঋণ পরিশোধ না করিয়ে পুনর্গঠনের কোনো চেষ্টা করা হয়েছে বা তাদের সঙ্গে কোনো আপোস হয়েছে কি?
অর্থমন্ত্রী বলেছেন যে, বিএনপির রাজনীতি ও অর্থনৈতিক কর্মকাণ্ডে কারও সঙ্গে আপোসের কোনো সুযোগ নেই। অতীতে যতবারই বিএনপি ক্ষমতায় এসেছে, আর্থিক শৃঙ্খলা নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি। সামষ্টিক কৌশল কিংবা শেয়ার বাজার লুটপাট নিয়েও কোনো প্রশ্ন ওঠেনি। তাই আমি আপনাদের আশ্বস্ত করছি যে, বিএনপির অর্থনৈতিক পরিকল্পনায় আপোসের কোনো সুযোগ নেই।
ঋণখেলাপীদের বিষয়ে কঠোর অবস্থান জানিয়ে মন্ত্রী বলেন, যারা ব্যাংক থেকে টাকা নিয়েছেন বা বিদেশে পালিয়ে গেছেন, তাদের সবার বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং তা নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। এই টাকা আদায়ের জন্য আমরা দেশের বাইরে পেশাদার প্রতিষ্ঠান নিয়োগ করেছি। তিনি আরও বলেন, একদিকে যেমন টাকা আদায়ের জন্য জি-টু-জি (সরকার-থেকে-সরকার) আলোচনা চলছে, অন্যদিকে বেসরকারি আদায়কারী প্রতিষ্ঠানগুলোও কাজ করছে। ইনশাআল্লাহ, আগামী দিনে আমরা এই টাকা আদায় করতে সক্ষম হব।