আন্তর্জাতিক

ইসকন নেতা রাধারমণ দাস হঠাৎ সকল দায়িত্ব থেকে অব্যাহতি

কলকাতায় ইসকনের সহ-সভাপতি ও মুখপাত্র রাধারম দাসকে সংগঠনটির সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁকে গণমাধ্যম বা জনসমক্ষে ইসকনের প্রতিনিধিত্ব না করার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় রাধারমণ দাস বলেন যে, তিনি সংগঠনের এই সিদ্ধান্তকে সম্মান ও মেনে নিচ্ছেন। একই সাথে তিনি বলেন যে, ভবিষ্যতে তিনি ইসকনের পক্ষ থেকে আর কোনো বিবৃতি দেবেন না।
তিনি দাবি করেন যে, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ নিয়ে মুখ খোলা, চিন্ময় কৃষ্ণ দাসকে সমর্থন করা, একটি টেলিভিশন টক শো-তে অংশগ্রহণ, মানেকা গান্ধীকে আইনি নোটিশ পাঠানো, সাইবার অভিযোগ এবং সনাতন ধর্ম নিয়ে জনসমক্ষে অবস্থান নেওয়া এই সিদ্ধান্তের কয়েকটি কারণ।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, সংগঠনের একাধিক সূত্র দাবি করেছে যে, বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাস সম্পর্কে রাধারমণ দাসের জনসমক্ষে করা মন্তব্যই তাঁর বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থার অন্যতম প্রধান কারণ। তবে, এ বিষয়ে ইসকনের পক্ষ থেকে এখনও কোনো বিস্তারিত আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। বিদায়ী বার্তায় রাধারমান দাস ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সাথে তিনি ইসকনের আরও সাফল্য ও সমৃদ্ধি কামনা করেছেন।
উল্লেখ্য যে, ইসকনের প্রাক্তন নেতা চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশে সম্মিলিত সনাতন জাগরণ জোটের প্রধান মুখপাত্র ছিলেন। ২০২৪ সালের নভেম্বরে দেশদ্রোহিতার অভিযোগে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। মামলাটি বর্তমানে বিচারাধীন। তার গ্রেপ্তারের পর বিষয়টি দেশজুড়ে ব্যাপক আলোচনা ও নানা প্রতিক্রিয়ার জন্ম দেয়।