ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, সব দোষ ইসরায়েলের: কংগ্রেসম্যান ম্যাসি
মার্কিন কংগ্রেসম্যান টমাস ম্যাসি অভিযোগ করেছেন যে, ইরানের সঙ্গে যুদ্ধ যুক্তরাষ্ট্রের স্থিতিশীলতা ও সম্পদের ওপর বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলেছে। তিনি দাবি করেন, ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের কারণে দেশটি সামরিক ও অর্থনৈতিকভাবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ একটি পোস্টে ম্যাসি লিখেছেন, ‘ইরানের সঙ্গে যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্র উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়েছে।’ তিনি অভিযোগ করেন যে, এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করেছে, জ্বালানি মজুদ কমিয়েছে, সামরিক কর্মী নিহত হয়েছেন, ভোগ্যপণ্যের দাম বেড়েছে এবং দেশের ঋণ বৃদ্ধি পেয়েছে।
ম্যাসি বলেন, ‘এই প্রশাসন আমাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে নিঃশেষ করেছে, তেলের মজুদ কমিয়েছে, আমাদের পুরুষ ও নারীদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, ভোগ্যপণ্যের দাম বাড়িয়েছে, ঋণ বাড়িয়েছে এবং দেশের অভ্যন্তরীণ চাহিদাকে উপেক্ষা করেছে; সবই ইসরায়েলের জন্য। সব দোষ তাদের।’
এই রিপাবলিকান আইনপ্রণেতার মন্তব্যকে ট্রাম্প প্রশাসনের ইরান নীতির প্রকাশ্য সমালোচনা হিসেবে দেখা হচ্ছে। ম্যাসি এর আগেও বিদেশে মার্কিন সামরিক হস্তক্ষেপ ও ব্যয়ের সমালোচনা করেছেন। তবে, এই অভিযোগগুলোর বিষয়ে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

