ইরান ‘দুর্ব্যবহার’ করলে আবার হামলা হবে: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে আবারও হামলা করার হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, ইরান যদি ‘দুর্ব্যবহার’ করে বা ‘খারাপ কিছু’ করে, তাহলে আবারও হামলা করার সম্ভাবনা রয়েছে। স্থানীয় সময় গতকাল শনিবার (২ মে) ফ্লোরিডায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ‘এটা হতে পারে, সম্ভাবনা আছে। কিন্তু এখন দেখা যাক কী হয়।’
তিনি দাবি করেন যে, ইরানের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্র ‘খুব ভালো অবস্থানে’ আছে এবং তেহরান এখন একটি চুক্তি করতে চায় কারণ দেশটি ‘বিধ্বস্ত’। ট্রাম্প আরও বলেন যে ইরানের নেতৃত্ব নিয়ে বিভ্রান্তি রয়েছে। তিনি বলেন, ‘তারা বোঝে না তাদের নেতা কে। তারা জানে না তাদের নেতা কে।’
ইরানের পাঠানো প্রস্তাবিত ১৪-দফা পরিকল্পনার বিষয়ে তিনি বলেন যে তিনি এটি পর্যালোচনা করছেন। এর আগে, বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছিল যে ইরান একটি নতুন প্রস্তাব দিয়েছে, যেখানে কূটনৈতিক সমাধান এবং উত্তেজনা কমানোর বিষয়টি গুরুত্ব পেয়েছে। তবে, ট্রাম্প এখনও প্রস্তাবটি নিয়ে সন্দেহ প্রকাশ করছেন।

