ইরানে আটকে পড়া তিন বাংলাদেশি দেশে ফিরলেন
ইরানে আটকে পড়া তিন বাংলাদেশি দেশে ফিরেছেন। তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহায়তায় তাদের ফিরিয়ে আনা হয়েছে। আজ সোমবার (২৯ জুন) এক বার্তায় ইরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ কথা জানায়। দূতাবাস জানায়, এই বাংলাদেশিদের দেশে ফেরার যাত্রা মোটেও সহজ ছিল না।
এই তিন নাগরিকের মধ্যে দুজন অবৈধভাবে সীমান্ত পার হওয়ার সময় গুরুতর আহত হন এবং দেশে ফেরার আগে তাদের চিকিৎসার প্রয়োজন হয়। বৃহত্তর পশ্চিম এশিয়া অঞ্চলে চলমান সংঘাতের সময় তুরস্ক সীমান্তে যাওয়ার পথে আটক থাকাকালীন আরেকজন দুর্ভোগের শিকার হন। দূতাবাসের উদ্যোগে এবং আইওএম-এর ঘনিষ্ঠ সহযোগিতায় তাদের তেহরানে আনা হয় এবং দেশে ফেরার জন্য নিরাপদ বাসস্থান, খাবার, প্রয়োজনীয় চিকিৎসা সেবাসহ সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করা হয়। যাত্রাপথে আর্থিক সহায়তার পাশাপাশি, বাংলাদেশে পৌঁছানোর পর তাদের পুনর্বাসনের জন্যও আইওএম আর্থিক সহায়তা প্রদান করবে।
এই মানবিক উদ্যোগটি বাস্তবায়নে আন্তরিক সহযোগিতা ও সহানুভূতির জন্য বাংলাদেশ দূতাবাস আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে (আইওএম) আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছে। তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস বিদেশে বিপদগ্রস্ত বাংলাদেশী নাগরিকদের পাশে সর্বদা রয়েছে এবং সকলকে অবৈধ অভিবাসনের ঝুঁকিপূর্ণ পথ পরিহার করার আহ্বান জানাচ্ছে। এই ধরনের যাত্রার ফলে প্রাণহানি, গুরুতর আঘাত এবং দীর্ঘকালীন আটকাবস্থা হতে পারে।

