ইরানের বিচার বিভাগের প্রধান: ‘ইরানকে আরও হামলার জন্য প্রস্তুত থাকতে হবে’
যুক্তরাষ্ট্র নতুন হামলা চালাতে পারে, এই সম্ভাবনার কথা উল্লেখ করে ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি আজেই প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ফার্স নিউজে প্রকাশিত এক ভিডিওতে তিনি বলেন, ইরানকে শতভাগ প্রস্তুত থাকতে হবে। কারণ যুক্তরাষ্ট্র আরেকটি হামলা চালাতে পারে, এমন আশঙ্কা রয়েছে। আজেই দাবি করেন, ইরানের শীর্ষ কর্মকর্তাদের হত্যা করা সত্ত্বেও যুক্তরাষ্ট্র এখনো তাদের যুদ্ধের লক্ষ্য অর্জন করতে পারেনি। তাই তিনি মন্তব্য করেন যে, নতুন হামলার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, একটি পৃথক ভিডিও বার্তায় তিনি ওমান উপসাগরে ইরানের পতাকাবাহী একটি জাহাজ জব্দ করার ঘটনায় যুক্তরাষ্ট্রকে সতর্ক করেন। তিনি যুক্তরাষ্ট্রের এই ধরনের পদক্ষেপকে যুদ্ধবিরতির সুস্পষ্ট ‘লঙ্ঘন’ হিসেবে বর্ণনা করেছেন। আজেই বলেন, যুক্তরাষ্ট্র যে নৌ অবরোধের কথা বলছে তা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। তিনি সতর্ক করে বলেন, এর অবশ্যই জবাব দেওয়া হবে।

