ইরানের নৌ অবরোধ ‘বর্ধিত’ করার ট্রাম্পের নির্দেশে বিশ্ব বাজারে তেলের দাম আবারও বেড়েছে
ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ বর্ধিত হতে পারে, এমন খবরের জেরে বিশ্ব বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সহযোগীদের এই অবরোধ বর্ধিত করার প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন।
ওয়াল স্ট্রিট জার্নাল গতকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের অর্থনীতি ও তেল রপ্তানির ওপর চাপ বজায় রাখতে ট্রাম্প দেশটির বন্দরগুলোতে জাহাজ চলাচল বন্ধের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
এই খবরের পর আজ বুধবার সকালে বিশ্ব বাজারে তেলের দাম আবারও বেড়েছে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম টানা আট দিন ধরে বাড়ছে। জুন ডেলিভারির জন্য এই তেলের দাম ব্যারেল প্রতি ৫২ সেন্ট বেড়ে ১১১.৭৮ ডলারে দাঁড়িয়েছে। এ সপ্তাহে জুনের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় জুলাই ডেলিভারির দামও ০.৪ শতাংশ বেড়ে ১০৪.৮৪ ডলারে পৌঁছেছে।
ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৫৭ সেন্ট বা ০.৫৭ শতাংশ বেড়ে ১০০.৫০ ডলারে দাঁড়িয়েছে। গত আট কার্যদিবসের মধ্যে সাত দিনই এর দাম বেড়েছে। বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহে বিঘ্ন এবং ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থান তেলের বাজারে বিপর্যয় সৃষ্টি করে চলেছে।
সূত্র: আল জাজিরা

