আন্তর্জাতিক

আজ শুভেন্দুর শপথ, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী মোদী এবং ২০টি রাজ্যের মুখ্যমন্ত্রীরা

ভারতের পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ড প্রস্তুত। শুভেন্দু অধিকারী আজ শনিবার (৯ই মে) স্থানীয় সময় সকাল ১০টায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। তিনি পশ্চিমবঙ্গের ইতিহাসে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) থেকে আসা প্রথম মুখ্যমন্ত্রী। এর আগে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপি নেতা অমিত শাহ গতকাল (৮ই মে) বিজেপির নির্বাচিত বিধায়কদের এক সভায় শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করেন। এই আলোচনায় তাঁর সঙ্গে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি উপস্থিত ছিলেন।
এদিকে, আজকের শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি নিতিন নবীন এবং বিজেপির শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়াও, দেশের অন্তত ২০টি রাজ্যের মুখ্যমন্ত্রীরাও অংশগ্রহণ করবেন। শপথগ্রহণ অনুষ্ঠানের চারপাশের চত্বরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। মাঠটিকে ৩৫টি সেক্টরে ভাগ করা হয়েছে এবং প্রায় ৪,০০০ পুলিশ মোতায়েন করা হয়েছে।
মূল মঞ্চে থাকবে একটি বিশাল দুর্গা প্রতিমা। এর পাশাপাশি সেখানে বাংলার বিভিন্ন বিখ্যাত ও নান্দনিক প্রতিকৃতিও সাজানো হবে। এছাড়াও, মাঠ জুড়ে একাধিক খাবারের স্টল বসানো হচ্ছে। যেখানে ঝালমুড়ি, রসগোল্লা, সন্দেশসহ বিভিন্ন ধরনের বাঙালি খাবার পাওয়া যাবে।