অনলাইন ক্লাসের সিদ্ধান্ত ‘আত্মঘাতী’: জামায়াত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহাসচিব ও সাবেক সাংসদ মিয়া গোলাম পারওয়ার দেশের মহানগরগুলোর স্কুল-কলেজে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর সরকারি সিদ্ধান্তকে ‘দায়িত্বজ্ঞানহীন’ ও ‘আত্মঘাতী’ আখ্যা দিয়েছেন। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, যথাযথ পরিকল্পনা ও প্রস্তুতি ছাড়া অনলাইন ক্লাস চালু করা শিক্ষার্থীদের মারাত্মক ক্ষতি করতে পারে।
গত ৩১ মার্চ সচিবালয়ে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় সরকার ঢাকাসহ দেশের সব মহানগরে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে গোলাম পারওয়ার বলেন, জ্বালানি সংকটের অজুহাতে শিক্ষার্থীদের ওপর এই ব্যবস্থা চাপিয়ে দেওয়া হচ্ছে, যা দেশের ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলতে পারে।
তিনি দাবি করেন, অনলাইন শিক্ষা ব্যবস্থার কারণে ইন্টারনেট খরচের জন্য গরিব শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে। এছাড়া স্মার্টফোনের বর্ধিত ব্যবহার শিক্ষার্থীদের মধ্যে আসক্তি ও নৈতিক অবক্ষয়ের ঝুঁকি তৈরি করছে। এর ফলে শ্রেণিকক্ষে পাঠদান ব্যাহত হয় এবং শিক্ষার মান কমে যায়।
করোনা মহামারিকালে অনলাইন শিক্ষার নেতিবাচক অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, বিভিন্ন গবেষণা ও প্রতিবেদনে দেখা গেছে যে, শিক্ষার্থীদের শেখার ক্ষমতা কমে গেছে এবং ঝরে পড়ার হার বেড়েছে। প্রান্তিক এলাকার শিক্ষার্থীরা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বর্তমান প্রেক্ষাপটে শিক্ষা ব্যবস্থার সংস্কার প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের সিদ্ধান্ত পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। সরকারের উচিত শিক্ষা খাতকে অগ্রাধিকার দিয়ে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়া। বিবৃতিতে তিনি এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার এবং সকল শিক্ষার্থীর জন্য নিয়মিত সশরীরে পাঠদান নিশ্চিত করার আহ্বান জানান। অন্যথায়, তিনি সতর্ক করে বলেন যে এর দায়ভার সরকারকে বহন করতে হবে।

