ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত
ফরিদপুর সদর ও মধুখালী উপজেলায় তিনটি পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল সোমবার (৩ আগস্ট) ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুর সদরের কানাইপুরে একটি অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহীসহ তিনজন রাস্তায় পড়ে যান। এ সময় দ্রুতগামী বাসের ধাক্কায় একজন নিহত হন। অন্য দুই আরোহী আহত হন। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের নাম সুয়াদ। তিনি একই উপজেলার হাট গোবিন্দপুরের মো. মিজানুর রহমানের ছেলে।
এর আগে, ফরিদপুর শহরের ফরিদপুর মেডিকেল কলেজের প্রধান গেটের সামনে একটি ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আনোয়ার হোসেন (৬০) নামে এক বৃদ্ধ গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুপুর নাগাদ তিনি মারা যান। তিনি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার কামারগ্রাম ডাকঘরের চন্দা গ্রামের প্রয়াত জব্বার মিয়ার ছেলে।
এদিকে, গতকাল বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুরের মধুখালী উপজেলার মাঝকান্দি এলাকায় সড়ক দুর্ঘটনায় মোষ. আমেনা বেগম (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। তিনি ওই উপজেলার মাঝকান্দি গ্রামের নিহত এলাহী শেখের স্ত্রী। রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেলের ধাক্কায় আমেনা বেগম রাস্তায় পড়ে যান এবং ঘটনাস্থলেই মারা যান। করিমপুর হাইওয়ে থানার ওসি মো. জহির হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন তৈরি করেছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

