লাখ লাখ মানুষ ইসরায়েল ছাড়ছে, গবেষণায় চাঞ্চল্যকর তথ্য প্রকাশ
চলমান রাজনৈতিক উত্তেজনা, অর্থনৈতিক সংকট এবং দীর্ঘস্থায়ী সামরিক সংঘাতের কারণে ২০২৫ সাল নাগাদ রেকর্ড সংখ্যক নাগরিক ইসরায়েল ছেড়েছেন। এই দেশত্যাগের ঢেউ অব্যাহত রয়েছে। তেল আবিব বিশ্ববিদ্যালয়ের গবেষকদের একটি নতুন প্রতিবেদন অনুসারে এই তথ্য জানা গেছে।
প্রতিবেদনটি অনুসারে, ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে ২,৬৮,৫০৯ জন ইসরায়েলি নাগরিক কমপক্ষে তিন মাসব্যাপী ভ্রমণের জন্য দেশ ছেড়েছেন। ২০২৩ সালে শুরু হওয়া এই প্রবণতা ২০২৪ সালে শীর্ষে পৌঁছেছিল। তেল আবিব বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণার উদ্ধৃতি দিয়ে ইসরায়েলের প্রভাবশালী দৈনিক ইয়েদিওথ আহরোনোথ এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুসারে, তেল আভিভ বিশ্ববিদ্যালয়ের গবেষকদের দ্বারা পরিচালিত একটি সমীক্ষায় দেখা গেছে যে ২০২৩ সালে ৮৬,৫০৯ জন অন্তত তিন মাস বা তার বেশি সময়ের জন্য ইসরায়েল ত্যাগ করেছেন। ২০২৪ সালে এই সংখ্যা বেড়ে ৯১,৪৯৯ হয় এবং ২০২৫ সালে আরও ৯০,৯২২ জন দেশ ছেড়েছেন। সমীক্ষায় বলা হয়েছে যে ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে মোট প্রায় ২,৬৯,০০০ জন দীর্ঘ সময়ের জন্য ইসরায়েল ত্যাগ করেছেন। অর্থাৎ, বছরে গড়ে প্রায় ৯০,০০০ জন ইসরায়েল ছেড়েছেন। তবে, ২০১০ থেকে ২০১৯ সাল পর্যন্ত এই গড় ছিল বছরে প্রায় ৬০,০০০। ২০১৩ থেকে ২০১৫ সালের মধ্যে এই সংখ্যা ছিল প্রায় ১,৮৩,২১৯, যা সাম্প্রতিক তিন বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।
ইয়েদিওথ আহরোনোথ তাদের একটি পূর্ববর্তী প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বলেছে যে, সাম্প্রতিক সময়ে ইসরায়েল থেকে ডাক্তার, পিএইচডি ডিগ্রিধারী, প্রকৌশলী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং অন্যান্য উচ্চ-আয়ের পেশাজীবীদের দেশত্যাগও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। পত্রিকাটির মতে, ইসরায়েলের অর্থনীতি মূলত উচ্চ-দক্ষ মানবসম্পদের উপর নির্ভরশীল, বিশেষ করে উচ্চ-প্রযুক্তি খাত এবং জ্ঞান-ভিত্তিক শিল্পে। ফলস্বরূপ, ইসরায়েল থেকে দক্ষ জনশক্তির দেশত্যাগ দীর্ঘমেয়াদে অর্থনীতির জন্য একটি বড় চ্যালেঞ্জ তৈরি করবে।
এই গবেষণাটি এমন এক সময়ে প্রকাশিত হয়েছে যখন, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় চলমান যুদ্ধের পাশাপাশি, লেবানন, সিরিয়া, ইয়েমেন এবং ইরানে দখলদার ইসরায়েলি সামরিক অভিযান অব্যাহত রয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর মতে, ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া গাজা যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ৯৬৬ জন ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী, ইসরায়েলের মোট জনসংখ্যা বর্তমানে ১ কোটিরও বেশি।
সূত্র: টাইমস অফ ইসরায়েল

