আন্তর্জাতিক

ইরানের চেয়েও কাতার বেশি বিপজ্জনক: সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী

সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ক্ষমতায় ফিরলে আনুষ্ঠানিকভাবে কাতারকে ‘শত্রু রাষ্ট্র’ হিসেবে ঘোষণা করবেন। তিনি দাবি করেন যে, ইসরায়েলের জন্য কাতার বর্তমানে ‘ইরানের চেয়েও বেশি বিপজ্জনক’। তিনি ইসরায়েলি টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল ১২’-কে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন।
তার মতে, এখন পর্যন্ত কাতারকে এভাবে ঘোষণা না করাটা একটি ‘ক্ষমার অযোগ্য ভুল’। তিনি বলেন, ‘ইরান প্রকাশ্যে বলে যে তারা ইসরায়েলকে ধ্বংস করতে চায়। কিন্তু কাতার ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় ‘নুখবা সন্ত্রাসীদের’ অর্থায়ন করেছিল। এছাড়াও, কাতার থেকে পরিচালিত আল জাজিরা আমাদের বিরুদ্ধে সবচেয়ে বিষাক্ত প্রচারণা চালানো গণমাধ্যমগুলোর মধ্যে অন্যতম।’
বেনেট আরও অভিযোগ করেন যে, কাতার যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রভাব বিস্তার করছে। তিনি দাবি করেন যে, কাতারের প্রভাব ইসরায়েলি নিরাপত্তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান—প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত পৌঁছেছে। “কাতার আমাদের বিরুদ্ধে কাজ করছে এবং ভেতর থেকে আমাদের দুর্বল করে দিচ্ছে,” তিনি বলেন।