জাতীয়

শাহাবুদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পর্যালোচনা করছে সরকার: আইনমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিনের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ পর্যালোচনা করছে সরকার, বলেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ রবিবার (২৬ জুলাই) বিকেলে চট্টগ্রাম জেলা বার অ্যাসোসিয়েশনের আয়োজিত তরুণ আইনজীবীদের জন্য এক সংবর্ধনা ও প্রশিক্ষণ কর্মশালা শেষে সাংবাদিকদের এ কথা বলেন আইনমন্ত্রী।
আইনমন্ত্রী বলেন, সরকার কারও প্রতি অবিচার করতে চায় না। তবে, অভিযোগগুলোর সত্যতা যাচাই করা হচ্ছে। তদন্তে অভিযোগের প্রমাণ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নতুন রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, পরবর্তী কার্যক্রম সংবিধানের বিধান অনুযায়ী পরিচালিত হবে। এ ব্যাপারে সরকার সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করবে।
জুলাই অভ্যুত্থান-সম্পর্কিত মামলাগুলো ফাস্ট-ট্র্যাক ট্রায়াল ট্রাইব্যুনালে পাঠিয়ে দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, আগের তুলনায় মিথ্যা মামলার প্রবণতা অনেক কমে গেছে। তরুণ আইনজীবীদের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে মো. আসাদুজ্জামান বলেন, আইন পেশায় সফল হওয়ার কোনো সহজ পথ নেই। নিয়মিত অধ্যয়ন, দক্ষতা অর্জন, পেশাগত সততা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে।