দেশজুড়ে

সাভারে রাসায়নিক কারখানায় আগুন, দমকলকর্মীসহ ৫ জন আহত

ঢাকা-আরিচা মহাসড়কের পাশে সাভার থানার অধীন হেমায়েতপুর বাসস্ট্যান্ডের উত্তর দিকে রং মেশানোর একটি রাসায়নিক কারখানায় আগুন লেগেছে। আজ রবিবার (২৬ জুলাই) ভোররাতে হেমায়েতপুরের পদ্মা মোড় এলাকার শহিদুল্লাহ হাউজিংয়ের একটি ছয়তলা ভবনে লাগা আগুন সকাল ৭টার দিকে নিয়ন্ত্রণে আনা হয়।
কারখানার শ্রমিকরা দাবি করেছেন, একটি বৈদ্যুতিক মিটার থেকে আগুনের সূত্রপাত। তবে দমকল বাহিনী এখনো বিষয়টি নিশ্চিত করেনি। পুলিশ সূত্রে জানা গেছে, রং মেশানোর একটি বড় রাসায়নিক কারখানায় আগুন লাগে। আশেপাশের লোকজন আগুনের ধোঁয়া দেখে দমকল বাহিনীকে খবর দিলে দমকল বাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। আগুন নেভানোর সময় দমকল বাহিনীর চার দমকলকর্মীসহ পাঁচজন আহত হন।
আহতরা হলেন দমকলকর্মী মো. শামীম, মো. উজ্জ্বল, মো. ওমর ফারুক, টিম লিডার মনোয়ার হোসেন এবং স্থানীয় বাসিন্দা মশিউর রহমান। গুরুতর আহত মশিউর রহমানকে (৪০) সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তিনি বর্তমানে আশঙ্কামুক্ত।
সাভার দমকল বাহিনীর টিম লিডার মনোয়ার হোসেন জানান, রাত প্রায় সাড়ে ১২টার দিকে আগুনের খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা রাত ১টা থেকে সকাল ৭টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করে। রাসায়নিক গুদামে ঘন ঘন বিস্ফোরণে তাদের চারজন দমকলকর্মী আহত হন। সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে একজনকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং অভিযান সম্পন্ন হয়। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ আরও তদন্তের মাধ্যমে জানা যাবে।