যন্তর মন্তরে সিজেপি-র বিক্ষোভে যোগ দিতে পারেন মমতা
ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্রের পদত্যাগ এবং শিক্ষা ব্যবস্থায় সংস্কারের দাবিতে তেলাপোকা জনতা পার্টির (সিজেপি) আগামী সোমবার (২৭ জুলাই) দিল্লির যন্তর মন্তরে চলমান বিক্ষোভে যোগ দিতে পারেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে অবগত একাধিক সূত্র এই তথ্য দিয়েছে। হিন্দুস্তান টাইমসের মতে,
সূত্রমতে, আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্রদের প্রতি সংহতি জানাতে মমতা বন্দ্যোপাধ্যায় বিক্ষোভস্থলে যাবেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন তৃণমূল নেতা বলেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার দিল্লিতে সিজেপি-র আন্দোলনে যোগ দেবেন।”
দিল্লিতে চলমান এই আন্দোলনটি ইতোমধ্যেই সাম্প্রতিক সময়ের অন্যতম বৃহত্তম ছাত্র আন্দোলনে পরিণত হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এতে মমতার অংশগ্রহণ তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করার একটি প্রচেষ্টাও হতে পারে। বিশেষ করে সংসদ ও পশ্চিমবঙ্গ বিধানসভায় সাম্প্রতিক কিছু ধাক্কার পর, এই পদক্ষেপটিকে দলের সক্রিয় ভূমিকার ইঙ্গিত বলে মনে করা হচ্ছে।
এদিকে, মমতা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “আমি শুরু থেকেই ছাত্রছাত্রীদের এবং তাদের আন্দোলনের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছি। তাদের এই লড়াই শুধু নিট (NEET) কেলেঙ্কারিতে ন্যায়বিচারের জন্য নয়, বরং দেশের প্রতিটি যুবকের ভবিষ্যৎ রক্ষার জন্যও। সমগ্র বিরোধী শিবির এবং দেশের মানুষ আমাদের ছাত্রছাত্রী ও যুবকদের সঙ্গে আছে।” এর আগে, প্রয়োজনে সরাসরি আন্দোলনে যোগ দেওয়ার ইচ্ছাও তিনি প্রকাশ করেছিলেন।

