মার্কিন যুক্তরাষ্ট্রে তেলের দাম বৃদ্ধি, অসন্তোষ বাড়ছে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ মার্কিন বাজারের ওপর চাপ সৃষ্টি করেছে। দেশটিতে পেট্রোলের দাম আবারও প্রতি গ্যালন (প্রায় ৩.৮ লিটার) গড়ে ৪ ডলারে পৌঁছেছে। এতে দেশজুড়ে নাগরিকদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়েছে। সংবাদ সংস্থা এপি এবং ‘এএএ মোটর ক্লাব’-এর তথ্য অনুযায়ী, দেশব্যাপী পেট্রোলের গড় দাম বর্তমানে প্রতি গ্যালন ৪ ডলার। তবে, গত বছর এই সময়ে এই গড় দাম ছিল ৩.১৪ ডলার।
জাতীয় গড় দাম ৪ ডলারে পৌঁছানোর অর্থ হলো, যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি রাজ্যের চালকদের ইতিমধ্যেই প্রতি গ্যালন ৪ ডলারের বেশি দিতে হচ্ছে। স্থানীয় জ্বালানি সরবরাহ এবং রাজ্য-ভিত্তিক করের কারণে অঞ্চলভেদে দামের তারতম্য হয়। চলতি বছরের মে মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে পেট্রোলের গড় দাম প্রতি গ্যালন ৪.৫০ ডলারেরও বেশি হয়ে চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। পরে, চলতি মাসের শুরুতে তা কমে ৩.৭৯ ডলারে নেমে এলেও, আবারও ৪ ডলারে পৌঁছেছে।

