টানা দশম রাতে ইরানে মার্কিন হামলা, কুয়েতে পাল্টা হামলার দাবি তেহরান
যুক্তরাষ্ট্র টানা দশম রাতে ইরানে বিমান হামলা চালিয়েছে। আজ মঙ্গলবার (২১ জুলাই) প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন অনুসারে, দেশটির সিরিক, বন্দর আব্বাস, কেশম দ্বীপ, শাহবাহার এবং কোনারাক অঞ্চলের কাছে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। আল জাজিরা এ খবর জানিয়েছে।
এদিকে, ইরান উপসাগরীয় অঞ্চলে তাদের পাল্টা হামলা অব্যাহত রেখেছে। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে যে, সাম্প্রতিক ঘণ্টায় তারা বাহরাইন ও কুয়েতে মার্কিন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। তারা আরও দাবি করেছে যে, হরমুজ প্রণালীতে দুটি তেল ট্যাঙ্কারে আগুন লেগে গেছে।
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছেন যে, মার্কিন সেনাদের মৃত্যুর জন্য ইরানকে আরও বড় মূল্য দিতে হবে। তিনি উল্লেখ করেন যে, গত সপ্তাহে অন্তত তিনজন মার্কিন সেনা নিহত হয়েছেন। এদিকে, ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী সৌদি আরবের বিরুদ্ধে সমুদ্রপথে অবরোধ ঘোষণা করেছে। আশঙ্কা করা হচ্ছে যে, তাদের এই পদক্ষেপ বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় আরও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।

