আন্তর্জাতিক

ন্যাটো শীর্ষ সম্মেলনের নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া গত ৭-৮ জুলাই তুরস্কের আঙ্কারায় অনুষ্ঠিত ৩৫তম ন্যাটো শীর্ষ সম্মেলনের নিন্দা করেছে। দেশটি বলেছে, বিশ্বব্যাপী পারমাণবিক নিরস্ত্রীকরণ তাদের মার্কিন মিত্রদের দিয়েই শুরু হওয়া উচিত। রয়টার্স আজ শনিবার (১১ জুলাই) এই তথ্য জানিয়েছে।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ-তে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে, ন্যাটো নেতারা উত্তর কোরিয়ার বৈধ সার্বভৌম অধিকার প্রয়োগকে একটি হুমকি হিসেবে দেখছেন। ন্যাটো জোট অস্ত্র খাতে ব্যয় বৃদ্ধি এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠ সামরিক সহযোগিতার মাধ্যমে জোট-ভিত্তিক সংঘাতের প্রতি আরও দৃঢ় অঙ্গীকার প্রদর্শন করেছে।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে যে, তুরস্কে অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনে কর্মকর্তারা ৫০ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের সামরিক সরঞ্জাম ক্রয় এবং শিল্প চুক্তির ঘোষণা দিয়েছেন। এই শীর্ষ সম্মেলন প্রমাণ করেছে যে, ন্যাটো এমন একটি সংস্থা যা যুদ্ধ ও সংঘাতের দিকে চালিত।