বাংলাদেশ-মিশর যৌথ গণমাধ্যম ফোরাম গঠনের প্রস্তাব
বাংলাদেশ ও মিশরের মধ্যে গণমাধ্যম খাতে সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে, বাংলাদেশে নিযুক্ত মিশরীয় রাষ্ট্রদূত ওমর মহিউদ্দিন আহমেদ ফাহমী দুই দেশের রাষ্ট্রীয় গণমাধ্যমের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর এবং একটি বাংলাদেশ-মিশর যৌথ গণমাধ্যম ফোরাম গঠনের প্রস্তাব দিয়েছেন। আজ বৃহস্পতিবার (৯ জুলাই) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর কার্যালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই প্রস্তাব দেন।
বৈঠকে তথ্যমন্ত্রী রাষ্ট্রদূতের সামনে গণমাধ্যম ব্যবস্থাপনা বিষয়ে বর্তমান সরকারের ভাবনা এবং গৃহীত বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। তিনি ডিজিটাল যুগে ভুল তথ্য ও অপতথ্য মোকাবেলায় দুই দেশের যৌথ উদ্যোগের ওপর বিশেষ গুরুত্ব দেন। একই সাথে, তিনি মন্তব্য করেন যে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মন্ত্রী দুই দেশের মধ্যে গণমাধ্যম সহযোগিতা আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেন।
মিশরীয় রাষ্ট্রদূত দুই দেশের ঐতিহাসিক সুসম্পর্কের কথা তুলে ধরেন এবং এই সম্পর্ককে আরও শক্তিশালী করতে বর্তমান সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। সম্পর্ক উন্নয়নে দুই দেশের জনগণের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানোর গুরুত্বের ওপরও তিনি জোর দেন।

