আন্তর্জাতিক

ইরানের ওপর মার্কিন হামলা, কুয়েত ও বাহরাইনে পাল্টা হামলা চালিয়েছে তেহরান

যুদ্ধবিরতির পর যুক্তরাষ্ট্র ইরানের ওপর সবচেয়ে বিধ্বংসী হামলা চালিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পরপরই দক্ষিণ-পূর্ব ইরানের শহর ও স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়। এর মধ্যে রয়েছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর বন্দর আব্বাস, সিরিক, কোনারাক, ইরানশাহর, শাহবাহার এবং বুশেহর।
এছাড়াও, মার্কিন সামরিক বাহিনী পারস্য উপসাগরের আবু মুসা, জাস্ক এবং কেশম দ্বীপেও হামলা চালিয়েছে। এই হামলাগুলোতে এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুধু বন্দর আব্বাসেই আটটি বিস্ফোরণ ঘটেছে। ইরানের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র শাহবাহার বন্দরকে প্রথমবারের মতো লক্ষ্যবস্তু করা হয়েছে। দুটি জেটি এবং একটি কন্ট্রোল টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। এলাকাটিতে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। ইরানশাহর বিমানবন্দরে হামলায় একজন দমকলকর্মী নিহত হয়েছেন। উত্তর-পূর্ব ইরানের শহর আক্কালার একটি রেলসেতুতেও হামলা চালানো হয়েছে।
এর জবাবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) বাহরাইন, কুয়েত ও জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হামলার পর বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটি থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। জর্ডানের আল-আজরাক এবং কুয়েতের আল-সালেম বিমানঘাঁটিতেও হামলা চালানো হয়।