দেশজুড়ে

জামালপুর গণধর্ষণ মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার এক গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় ৭ অভিযুক্তকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সাথে তাদের প্রত্যেককে ১ লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে। এই মামলায় একজন অভিযুক্তকে খালাস দেওয়া হয়েছে।
আজ সোমবার (৬ জুলাই) বিকেল ৩টায় জামালপুর নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ‘ট্রাইব্যুনাল-১’-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এই রায় ঘোষণা করেন। রাশেদুর রহমান ওরফে পাপ্পু, বিজু মিয়া, বাদশা মিয়া, জুয়েল মিয়া, আশরাফুল ইসলাম, জসিম ও আসমতকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। অন্যদিকে, অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত ইদ্রিস আলীকে খালাস দিয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. ফজলুল হক বলেন, গত বছরের ২৫ মে রাতে বকশীগঞ্জ উপজেলার নীলাখিয়া এলাকা থেকে এক গৃহবধূকে অপহরণ করে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়। পরে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন নিপীড়ন আইনে বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। তিনি আরও বলেন, মামলাটিতে মোট ৯ জন সাক্ষীর মধ্যে ৭ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। মেডিকেল রিপোর্ট, সাক্ষ্যপ্রমাণ ও অন্যান্য সাক্ষ্য পর্যালোচনা করে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত ৭ জন অভিযুক্তের প্রত্যেককে মৃত্যুদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেছেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ইদ্রিস আলীকে খালাস দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষ এই রায়ে সন্তোষ প্রকাশ করেছে।