দেশজুড়ে

কুড়িগ্রামে ডুবে দুই স্কুলছাত্রীর মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে একটি নর্দমায় ডুবে দ্বিতীয় শ্রেণির দুই ছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার (৫ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার বড়ভিতা ও ভাঙ্গামোর ইউনিয়নের মধ্যবর্তী একটি নর্দমা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
মৃতরা হলো ভাঙ্গামোর ইউনিয়নের রাবাইতারী গ্রামের নূর হোসেনের মেয়ে লুশী খাতুন (৯) এবং বড়ভিতা ইউনিয়নের নওদাবাস গ্রামের আনিসুর রহমানের মেয়ে আরশী (৮)। তারা দুজনেই রাবাইতারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।
পরিবার ও স্থানীয়রা জানান, গতকাল স্কুল থেকে বাড়ি ফিরে লুশী ও আরশী বিকেলে একসঙ্গে খেলতে বেরিয়েছিল। সন্ধ্যার পরেও তারা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় তাদের খুঁজতে শুরু করেন। এরপর রাত ৮টার দিকে স্থানীয়রা বাড়ির কাছের একটি নর্দমায় দুই শিশুর মরদেহ ভাসতে দেখেন। পরে সেখান থেকে তাদের উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খেলার সময় দুর্ঘটনাবশত নর্দমায় পড়ে ডুবে তাদের মৃত্যু হয়েছে। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাইম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।