দেশজুড়ে

টাঙ্গাইলে নিখোঁজ হওয়ার দুই দিন পর পুকুর থেকে নারীর মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের সখিপুরে নিখোঁজ হওয়ার দুই দিন পর পুলিশ তার বাড়ির কাছের একটি পুকুর থেকে পারভীন আক্তার (৪৬) নামের এক বিধবার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (১ জুলাই) বিকেলে সখিপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হাসপাতাল গেটের দক্ষিণে অবস্থিত একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পারভীন আক্তার ওই এলাকার মৃত হুমায়ুন খানের স্ত্রী।
পরিবারের সদস্যরা জানান, পারভীন আক্তার বাড়িতে একাই থাকতেন। পারভীন আক্তার সর্বশেষ গত সোমবার (২৯ জুন) রাত সাড়ে ৯টার দিকে তার ছেলের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। এরপর গতকাল মঙ্গলবার (৩০ জুন) সকাল থেকে পরিবারের সদস্যরা তাকে বেশ কয়েকবার ফোন করলেও তিনি আর ফোন ধরেননি।
এই ঘটনার পর তার ছেলে সোহেল রানা ফাহাদ থানায় একটি অপহরণের মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে পুলিশ ও পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় তার সন্ধান করছিলেন এবং অবশেষে বুধবার বিকেলে বাড়ির কাছের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের ছেলে দাবি করেছেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তিনি এই ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ প্রসঙ্গে টাঙ্গাইলের বাসাইল-সখিপুর থানার ভারপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার (এএসপি) এ কে এম মামুনুর রশিদ বলেন, প্রাথমিক তদন্ত প্রতিবেদন থেকে এটি একটি হত্যাকাণ্ড বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এই ঘটনায় জড়িতদের শনাক্ত করার কাজ চলছে।