আন্তর্জাতিক

৮টি মার্কিন সামরিক স্থাপনা ধ্বংসের দাবি করেছে আইআরজিসি

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) বাহরাইন ও কুয়েতে অবস্থিত আটটি মার্কিন সামরিক স্থাপনায় সফলভাবে হামলা চালিয়ে তা ধ্বংস করার দাবি করেছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে। আইআরজিসি দাবি করেছে, সিরিক ও কেশমে অবস্থিত ইরানি স্থাপনাগুলোতে সাম্প্রতিক মার্কিন হামলার জবাবে এই অভিযান চালানো হয়েছে।
এর আগে গত শনিবার, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, বাণিজ্যিক জাহাজে ইরানের পূর্ববর্তী হামলার জবাবে মার্কিন বাহিনী ইরানের সামরিক নজরদারি অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, বিমান প্রতিরক্ষা স্থাপনা, ড্রোন মজুত এবং সমুদ্রে মাইন পাতার সক্ষমতাকে লক্ষ্যবস্তু করেছে।
মার্কিন হামলার পর ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) নৌবাহিনী একটি নতুন কঠোর হুঁশিয়ারি দিয়েছে। তারা বলেছে, “মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে চরম দুর্ভোগ পোহাতে হবে।” এক বিবৃতিতে আইআরজিসি নৌবাহিনী বলেছে যে, সিরিক শহরে মার্কিন হামলা হরমুজ প্রণালীর ওপর ইরানের নিয়ন্ত্রণকে কোনোভাবেই দুর্বল করেনি।
বিবৃতিতে বলা হয়েছে, “সীমা লঙ্ঘনকারী জাহাজগুলোর ওপর আমাদের গোলাবর্ষণ অন্যান্য জাহাজের জন্য একটি স্পষ্ট বার্তা – নিরাপদে চলাচল করুন।” এতে আরও বলা হয়েছে, “এই অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিগুলোর বিষয়টি ভিন্ন। আগামী দিনগুলোতে তাদের চরম দুর্ভোগ পোহাতে হবে।”

সূত্র: দি ডন