ইরানের অস্তিত্ব থাকবে না, আবারও হুমকি দিলেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানকে ধ্বংস করার হুমকি দিয়েছেন। তিনি আরও মন্তব্য করেছেন যে, ইরান কখনোই শিক্ষা নেবে না। ট্রাম্প আজ রবিবার (২৮ জুন) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে এই হুমকি দেন। ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন যে, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জন্য মার্কিন বিমান বাহিনী আবারও ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুত কেন্দ্র এবং উপকূলীয় রাডার সাইটগুলোতে হামলা চালিয়েছে।
সম্ভবত তারা (ইরান) কখনোই শিক্ষা নেবে না! ইরানকে ধ্বংস করার হুমকি দিয়ে ট্রাম্প আরও লিখেছেন যে, এমন এক সময় আসতে পারে যখন আমরা আর যৌক্তিকভাবে কাজ করতে পারব না এবং যে কাজটি আমরা অত্যন্ত সফলভাবে শুরু করেছি, তা সামরিকভাবে সম্পন্ন করতে বাধ্য হব। যদি তা হয়, তাহলে ইসলামী প্রজাতন্ত্র ইরানের আর কোনো অস্তিত্ব থাকবে না!
হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার পর শনিবার টানা দ্বিতীয় দিনের মতো যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা চালায়। গতকাল শনিবারের এই নতুন হামলা এমন এক সময়ে ঘটল, যখন ১৭ জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকের পর মধ্যপ্রাচ্যে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ভেঙে পড়ার উপক্রম হয়েছে। যুক্তরাষ্ট্রও শুক্রবার ইরানের ওপর হামলা চালিয়েছে।

