জাতীয়

সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ১১,৩৭৮: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বর্তমানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ৩৭টি সরকারি ও ৬৮টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত ১টি সরকারি ও ৫টি বেসরকারি মেডিকেল কলেজ এবং বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত ১টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। তিনি আজ, বৃহস্পতিবার (২৫ জুন) জাতীয় সংসদে ময়মনসিংহ-৮ আসনের সরকারি দলের সদস্য লুৎফুল্লাহেল মাজেদের টেবিলে উত্থাপিত একটি তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য দেন।
মন্ত্রী বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সরকারি মেডিকেল কলেজগুলোতে মোট আসন সংখ্যা ৫,১০০ এবং বেসরকারি মেডিকেল কলেজগুলোতে আসন সংখ্যা ৬,২৭৮। তিনি বলেন, বর্তমানে দেশের সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ১০৫টি মেডিকেল কলেজে ১১,৩৭৮ জন শিক্ষার্থী ভর্তি রয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে, দেশের মানবসম্পদ উন্নয়ন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং চিকিৎসা ও নার্সিং শিক্ষার সম্প্রসারণ, আধুনিকীকরণ ও গুণগত মানোন্নয়ন বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। তিনি আরও বলেন যে, এই লক্ষ্য বাস্তবায়নের জন্য সরকারের নেতৃত্বে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় একটি সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করেছে এবং চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।