পদ্মা সেতু ৪ বছর, টোল আদায় প্রায় ৩,৪০০ কোটি টাকা
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনা পদ্মা সেতু উদ্বোধনের পর ৪ বছর পূর্ণ করেছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, এই সময়ে সেতুটি দিয়ে প্রায় ২ কোটি ৬৭ লাখ যানবাহন চলাচল করেছে এবং টোল হিসেবে প্রায় ৩,৩৯৪ কোটি ৪৫ লাখ টাকা আদায় হয়েছে।
পদ্মা বহুমুখী সেতুর নির্বাহী প্রকৌশলী আবু সাদ নিলয় বিষয়টি নিশ্চিত করে জানান, ২০২২ সালে উদ্বোধনের পর সে বছর সেতুটি দিয়ে ২৭ লাখ ৯০ হাজার ৪৬৫টি যানবাহন পার হয়। এ সময় টোল হিসেবে ৪০২ কোটি ৯৬ লাখ ৩৩ হাজার ১৫০ টাকা আদায় হয়েছিল। পরের বছর, ২০২৩ সালে, যানবাহনের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৬২ লাখ ৫৭ হাজার ৪৯৪টি। সে বছর টোল আদায় হয়েছিল ৮১৪ কোটি ৬৮ লাখ ১৭ হাজার ৬০০ টাকা।
২০২৪ সালে, ৬৭ লাখ ৩৪ হাজার ৯০৪টি যানবাহন সেতুটি ব্যবহার করে। সে সময় টোল থেকে রাজস্ব আসে ৮৩৬ কোটি ৪৫ লাখ ৩৬ হাজার ১০০ টাকা। ২০২৫ সালে, সর্বোচ্চ ৭২ লাখ ৪১ হাজার ৫৮৭টি যানবাহন পদ্মা সেতু পার হয়। সে বছর টোল আদায়ও সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে ৮৮৮ কোটি ৮১ লাখ ৬৫ হাজার ৬৫০ টাকায় দাঁড়ায়।
আর চলতি বছর ২০২৬ সালের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৩৬ লাখ ৯০ হাজার ৭৮১টি যানবাহন সেতুটি পার হয়েছে। টোল আদায় হয়েছে ৪৫১ কোটি ৫৩ লাখ ৭০ হাজার টাকা। সামগ্রিকভাবে, ২০২২ সালের ২৫ জুন থেকে ২০২৬ সালের ২৩ জুন পর্যন্ত পদ্মা সেতু দিয়ে মোট ২ কোটি ৬৭ লক্ষ ১৫ হাজার ২৩১টি যানবাহন চলাচল করেছে। একই সময়ে ৩ হাজার ৩৯৪ কোটি ৪৫ লক্ষ ২২ হাজার ৫০০ টাকা টোল আদায় হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, পদ্মা সেতুর মাধ্যমে শুধু যোগাযোগ ব্যবস্থারই উন্নতি হয়নি, দেশের দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডেও নতুন গতি এসেছে। যাতায়াতের সুবিধার কারণে এই রুটে যান চলাচল ক্রমাগত বাড়ছে। প্রসঙ্গত, দীর্ঘ পরিশ্রমের পর ২০২২ সালের ২৫ জুন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর উদ্বোধন করেন। পরদিন, ২৬ জুন, ৬.১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।

