দেশজুড়ে

পুশ-ইন ব্যর্থ হওয়ার পর ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ, মেহেরপুরেও পুশ-ইনের চেষ্টা

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী সীমান্তে তাদের পুশ-ইন প্রচেষ্টা অব্যাহত রেখেছে। তবে, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-র কঠোর অবস্থানের কারণে, জিরো লাইনে ঠেলে দেওয়া ব্যক্তিদের ফিরিয়ে আনতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীও বাধ্য হচ্ছে। নওগাঁর সাপাহার সীমান্তের জিরো লাইন থেকে ঠেলে দেওয়া ৯ জনকে বিএসএফও ফিরিয়ে নিয়েছে। প্রায় ২০ ঘণ্টা পর গতকাল বুধবার রাতে (২৪ জুন) তাদের ভারতে নিয়ে যাওয়া হয়। এই সময় বিএসএফ আলো নিভিয়ে রেখেছিল।
বিজিবি জানিয়েছে যে, বুধবার ভোরে সাপাহারের আদাতলা সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৯ জনকে পুশ-আউট করার চেষ্টা করেছিল বিএসএফ। খবর পেয়ে বিজিবি সীমান্ত এলাকায় কঠোর অবস্থান নেয়। এতে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা ব্যর্থ হয়।
এদিকে, বৃহস্পতিবার (২৫ জুন) সকালে মেহেরপুর গাংনী উপজেলার শেওড়তলা সীমান্ত দিয়ে বিএসএফ ৭ জনকে বাংলাদেশ ভূখণ্ডে ঠেলে ঢোকানোর চেষ্টা করে। বিষয়টি জানতে পেরে বিজিবি ঘটনাস্থলে গিয়ে তীব্র প্রতিবাদ জানায়। এ সময় স্থানীয় বাসিন্দারাও বিজিবির পাশে দাঁড়ান। অবশেষে বিএসএফ নারী-শিশুসহ ৭ জনকে সীমান্তের জিরো লাইন দিয়ে ভারতে ফিরিয়ে নিয়ে যায়। জোরপূর্বক অনুপ্রবেশ ঠেকাতে জেলার বিভিন্ন সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি।